
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং এর বিরূপ প্রভাব হ্রাসের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ (রাজশাহী অঞ্চল)।
সভায় জলবায়ু পরিবর্তনের ফলে পোরশা অঞ্চলের কৃষি, পানি ও পরিবেশের ওপর সৃষ্ট সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল প্রকল্পের উপজেলা অফিসার শ্রী বিরোক এককা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাওড় ইউপির প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান,
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলখ্যাত পোরশায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং অনাবৃষ্টির ফলে কৃষি খাত মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিতে হবে। কারিতাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং কারিতাসের মাঠ পর্যায়ের উপকারভোগীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড ফ্যামিলিটার কল প্রকল্প রুস্তম আলী।