
বৃষ্টি ও কাদামাটির প্রতিকূল পরিবেশেও দুর্দান্ত লড়াই করে গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ রানার্সআপ হয়েছে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দল। ফাইনালে সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দলের কাছে পরাজিত হলেও পুরো প্রতিযোগিতায় দারুণ নৈপুণ্য দেখিয়েছে কাশিমপুরের খেলোয়াড়রা।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আয়োজনে
প্রথমবারের মতো এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জিএমপির চারটি কমিউনিটি পুলিশ দল অংশ নেয়। বিভিন্ন তারিখে অনুষ্ঠিত ম্যাচের ধারাবাহিকতায় ফাইনালে ওঠে কাশিমপুর থানা ও সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল।
ফাইনালের আগে দুর্দান্ত জয় পায় কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দল। বাসন থানা কমিউনিটি পুলিশ দলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ৬৪–৩৩ পয়েন্টের বড় ব্যবধানে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কাশিমপুর। শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলে বাসনের ওপর চাপ তৈরি করে কাশিমপুরের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ৩১ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় দলটি।
এরপর ১৬ সেপ্টেম্বর বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল। মুখোমুখি হয় কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দল ও সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল। বৃষ্টিতে মাঠ কাদাময় হয়ে গেলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল না লড়াইয়ের কমতি। প্রতিকূল পরিবেশেও শারীরিক শক্তি, কৌশল ও দলীয় সমন্বয়ের মাধ্যমে জমে ওঠে ফাইনালের লড়াই।
শেষ পর্যন্ত কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল। আর রানার্সআপের গৌরব অর্জন করে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দল।
ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রানার্সআপ ট্রফি গ্রহণ করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন ও কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলের খেলোয়াড়রা। ট্রফি গ্রহণের সময় ওসি খালিদ হোসেন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, যিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।
তিনি তরুণদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা, অফিসার ও ফোর্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রথমবারের এ আয়োজনের ফাইনাল ঘিরে শহীদ বরকত স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। বৃষ্টি ও কাদামাটির মাঠেও কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলের খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্স দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। বাসনের বিপক্ষে বড় জয় দিয়ে ফাইনালে ওঠার পর শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে আসর শেষ করে কাশিমপুর।