
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন
ডিগ্রির নাম ও প্রশিক্ষণ কাঠামো সংশোধন করে সরকারের প্রজ্ঞাপন
ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও স্বীকৃত ডিগ্রিতে পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ১৩ মে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি হওয়া এ প্রজ্ঞাপনে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও পুষ্টিবিদ্যাসহ মোট ১২টি পদের যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮–এর ধারা ৩৪ অনুযায়ী আইনের প্রথম তপশিলে সংশোধন আনা হয়েছে। নতুন তপশিল অনুযায়ী এখন থেকে সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত ডিগ্রি ও প্রশিক্ষণ ছাড়া রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসেবে চাকরিতে প্রবেশ করা যাবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ফিজিওথেরাপিস্টদের ক্ষেত্রে। এতদিন ব্যাচেলর ইন সায়েন্স (ফিজিওথেরাপি) ডিগ্রিধারীরা চাকরিতে আবেদন করতে পারলেও নতুন প্রজ্ঞাপনে ডিগ্রির নাম ও কাঠামো আরও নির্দিষ্ট করা হয়েছে। এখন থেকে ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীদের ব্যাচেলর অব ফিজিওথেরাপি, ব্যাচেলর অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ব্যাচেলর অব সায়েন্স (সম্মান) ইন ফিজিওথেরাপি অথবা ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপের শর্ত বহাল রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে ফিজিওথেরাপি শিক্ষার মান, পেশাগত স্বীকৃতি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি পেশাজীবীরা ডিগ্রির নাম ও পেশাগত পরিচয়ের স্বীকৃতি নিয়ে যে জটিলতার মুখোমুখি ছিলেন, নতুন প্রজ্ঞাপন সেই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একইসঙ্গে অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টদের ক্ষেত্রেও স্বীকৃত ডিগ্রি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রেও ইন্টার্নশিপ বাধ্যতামূলক রাখা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে সাইকোলজিস্ট ও অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্টদের যোগ্যতা ও প্রশিক্ষণ কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি পুষ্টিবিদ, স্পেশাল এডুকেটর ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে এবং ইন্টার্নশিপের মেয়াদ বাড়িয়ে ন্যূনতম ছয় মাস নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রথমবারের মতো প্রস্থেটিস্ট ও অর্থোটিস্ট, অপ্টোমেট্রিস্ট এবং অডিওলজিস্টদেরও আনুষ্ঠানিকভাবে রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি তাদের জন্যও এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে।
রিহ্যাবিলিটেশন খাতের সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই প্রজ্ঞাপন দেশের পুনর্বাসনভিত্তিক স্বাস্থ্যসেবাকে আরও পেশাভিত্তিক, মানসম্মত ও সুসংগঠিত করতে সহায়ক হবে। বিশেষ করে ফিজিওথেরাপি পেশার স্বীকৃত ডিগ্রি ও প্রশিক্ষণ কাঠামো নির্দিষ্ট হওয়ায় শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কমবে বলে তারা মনে করছেন।