
ইস্তাইক আহম্মেদ দিপু
গাজীপুর মহানগর প্রতিনিধিা
গাজীপুরের কাশিমপুরে প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন “কাশিমপুর মেয়র মজিবুর রহমান প্রতিবন্ধী ও অসহায় ফাউন্ডেশন”-এর উদ্যোগে সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মানবিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবির হোসেন। সভাপতিত্ব করেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতাব্বর।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুল ইসলাম (এমবিবিএস), সদস্য সচিব, প্রধানমন্ত্রী নির্বাচন কমিটি ঢাকা-১৭ আসন এবং সদস্য সচিব, গণতন্ত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মো. আমজাদ হোসেন, সদস্য সচিব, কালিয়াকৈর পৌর যুবদল।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।