
মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রবিবার (১৪ এপ্রিল) সকালে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
র্যালির পাশাপাশি ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয় নানা রঙের মুখোশ, পাখি, প্রাণী ও লোকজ উপস্থাপনার মাধ্যমে। অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। এছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও মেলা অনুষ্ঠিত হওয়ার কথাও জানানো হয়।
স্থানীয়রা জানান, এমন আয়োজন নতুন বছরের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।