
বি.এম.সাদ্দাম হোসেন
স্টাফ রিপোর্টারঃ
মাগুরায় কোটি টাকার পাট ব্যবসাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় পাট ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (মালিক—সাদিয়া ট্রেডার্স) এর বিরুদ্ধে প্রতারণার ফাঁদ পেতে ব্যবসায়ী মোঃ সাইফুর রসুলকে সর্বস্বান্ত করার অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজেই।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে মোঃ সাইফুর রসুল Sonali Bank Limited থেকে ১ কোটি ৮০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। পরে ওই টাকা পাট ব্যবসায় বিনিয়োগের উদ্দেশ্যে পার্টনারশিপ ভিত্তিতে মোঃ শরিফুল ইসলামের হাতে তুলে দেন। চুক্তি অনুযায়ী, ব্যবসার লাভের ৫০ শতাংশ দেওয়ার কথা ছিল।
দুই পক্ষ ২০২৫ সালের মে মাস পর্যন্ত যৌথভাবে পাট ব্যবসা পরিচালনা করেন। এই সময় তারা একটি টালি খাতায় হিসাব লিখে লেনদেন চালিয়ে যান। ব্যবসার অংশ হিসেবে তারা মোট ২ কোটি ৪১ লাখ টাকার পাট বিক্রি করেন Akij Jute Mills Ltd.-এ।
কিন্তু অভিযোগ রয়েছে, ২০২৫ সালের মে মাসে হঠাৎ করেই শরিফুল ইসলাম ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দেন এবং পার্টনার সাইফুর রসুলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে হিসাব চাইলে তিনি কোনো সঠিক হিসাব প্রদান করেননি বলে দাবি ভুক্তভোগীর।
সাইফুর রসুলের দাবি, তার প্রাপ্য লাভসহ প্রায় ৪০ লাখ টাকা শরিফুল ইসলামের কাছে বকেয়া রয়েছে। তবে নানা অজুহাতে সেই টাকা পরিশোধ না করে বরং টালবাহানা করছেন অভিযুক্ত। এদিকে অভিযোগ উঠেছে, অন্যের অর্থ আত্মসাৎ করে শরিফুল ইসলাম বিলাসবহুল জীবনযাপন করছেন এবং প্রায় ১১ লাখ টাকায় জমি ক্রয় করেছেন।
বর্তমানে ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাইফুর রসুল। ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে তিনি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুর রসুল মাগুরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
স্থানীয় মহলের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ব্যবসায়িক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।