
সাভার প্রতিনিধি
ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমেরটেক এলাকায় এই ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ক্যাম্প উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, “তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সমস্যা ও সড়কের বেহাল অবস্থা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। আমান উল্লাহ আমান নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বপ্রথম উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পরও আমান উল্লাহ আমান নির্বাচিত না হয়েও মানুষের পাশে থেকেছেন। একসময় যেসব সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী ছিল, সেগুলোর অনেকগুলোর কাজ তিনি নিজের উদ্যোগেই সম্পন্ন করেছেন। এটাই প্রমাণ করে তিনি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করেন।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “বর্তমানে এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়তে বিএনপি আপসহীন।
অনুষ্ঠানে বক্তব্যে এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এবং হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা লাভ করবেন, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে বিএনপি ক্ষমতায় এলে কী কী সেবা দেওয়া হবে, সে সম্পর্কে সবাইকে অবহিত করুন। তিনি আরও বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড প্রদান করা হবে। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণে উদ্যোগ নেওয়া হবে—ইমামদের ভাতা দেওয়া হবে এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্যও ভাতার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সঠিক ইসলামের নীতিতে বিশ্বাস রেখে জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, “ঢাকা-২ আসনে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে আমান উল্লাহ আমানই সবচেয়ে যোগ্য প্রার্থী। এই নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।