
রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরবে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন দেবনাথ (২০) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১২টা ২৫ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নয়ন দেবনাথ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন একটি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা হয়। মামলা দায়েরের পর থেকেই নয়ন পলাতক ছিল এবং আত্মগোপনে থেকে অবস্থান করছিল মাধবপুর এলাকায়।
আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।