
সকালে ঘুম থেকে উঠে প্রথমে কী করা উচিত—পানি পান নাকি দাঁত ব্রাশ? দীর্ঘদিন ধরে এই প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে বিভ্রান্তি। অনেকেই মনে করেন, ব্রাশ না করে পানি পান করলে মুখের ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। আবার কেউ কেউ বিশ্বাস করেন, খালি পেটে পানি পান শরীরের জন্য উপকারী এবং এটি হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এই বিতর্কের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে এগিয়ে এসেছেন চিকিৎসক ও দন্ত বিশেষজ্ঞরা।
চিকিৎসা বিজ্ঞান বলছে, রাতে ঘুমের সময় মুখে লালা ও বিভিন্ন এনজাইমের মাধ্যমে কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। এসব ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়া উন্নত করতে এবং শরীরের মেটাবলিজম বাড়াতে সহায়তা করতে পারে। ফলে সকালে ব্রাশের আগে পানি পান করলে এই উপকারী উপাদানগুলো শরীরে প্রবেশ করে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, দন্ত চিকিৎসকদের মতে, রাতে সঠিকভাবে দাঁত ব্রাশ না করলে মুখে জমে থাকা ক্ষতিকর জীবাণু ও অ্যাসিড দাঁতের ক্ষতি করতে পারে। এ অবস্থায় সকালে না ধুয়ে পানি পান করলে ক্ষতিকর ব্যাকটেরিয়াও শরীরে প্রবেশের ঝুঁকি থাকে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ রাতে নিয়ম মেনে দাঁত ব্রাশ করে থাকেন, তাহলে সকালে উঠে সরাসরি পানি পান করলে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। বরং এটি শরীরের জন্য উপকারী হতে পারে।
কী করবেন?
– রাতে ঠিকভাবে ব্রাশ করে ঘুমালে সকালে উঠে ১–২ গ্লাস পানি পান করা যেতে পারে
– রাতে ব্রাশ না করলে সকালে আগে কুলকুচি করে তারপর পানি পান করা ভালো
– হালকা গরম পানি পান করলে শরীরের ডিটক্স প্রক্রিয়া আরও সক্রিয় হয়
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সকালে পানি পান বা ব্রাশ—কোনটি আগে করবেন, তা নির্ভর করে আপনার রাতের মৌখিক পরিচর্যার ওপর। তাই সুস্থ থাকতে সচেতন অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।