
জুলহাজ খাঁন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের মাতাজিহাট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কাছে অভিযোগ আসে যে মাতাজিহাট এলাকায় দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগের প্রেক্ষিতে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন এবং ১১ জুন সকালে এলাকায় একদল মহিলা পুলিশ সদস্য মোতায়েন করেন।
পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মহাদেবপুর থানার বিশেষ টিম এবং মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র যৌথভাবে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সেতু (২৮), পিতা: মো. সাইদুল, গ্রাম: শেরপুর। তারা বেগম (৫০), স্বামী: মো. আবুল কাশেম, গ্রাম: রাইগা মাস্টারপাড়া।
এ সময় তাদের হেফাজত থেকে মোট ৪২০ পিস টাপেন্টাডোল মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকায় অভিযানে সফলতার পর রাইগা ও মাতাজিহাট এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশ সুপারসহ অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।