
বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর এক কর্মকর্তাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একই সঙ্গে সাম্প্রতিক এক অভিযানে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ডিএনসির কর্মকর্তা সাহারা খাতুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়, কমিশন বাণিজ্য এবং তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা বলছেন, তার প্রভাববলয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যা জেলার মাদক বাণিজ্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।
গত রোববার মোহাম্মদপুর উপজেলা-র বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে পরিচালিত এক অভিযানে আকুব্বর মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরিবারের দাবি, তাকে ঘুমন্ত অবস্থায় আটক করে হাতকড়া পরিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তার মৃত্যু ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযানে অংশ নেওয়া সদস্যদের ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনি দেয়। এতে ডিএনসির কয়েকজন সদস্য আহত হন।
এদিকে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগ উঠেছিল। কয়েক মাস আগে তিনি মাগুরায় যোগদান করেন।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলছেন, মাদকবিরোধী কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি।