
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮টা থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দিতে মাদ্রাসা মাঠে সমবেত হন।
অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দঘন আয়োজনের ব্যবস্থা করা হয়। দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে মোল্লাকুড়ি মোড়সহ প্রধান সড়কের প্রায় ১৪ মাইল পথ প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা এবং বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রম। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং মাদ্রাসার গৌরবময় পথচলার স্মৃতিকে নতুন করে উজ্জীবিত করে।