
জুলহাজ খাঁন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন মহাদেবপুর উপজেলা ও নজিপুর পৌর স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) এনামুল হক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নোটিশপ্রাপ্তরা মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম. হান্নান এবং নজিপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাফেল মাহমুদ ও সদস্য সচিব মিজানুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সাংগঠনিক শিষ্টাচারবহির্ভূত কাজে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলকে এ বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিকের নির্দেশনায় এ নোটিশ দেওয়া হয়।