
তুরাগ নদের কাশিমপুর অংশে প্রতিনিয়ত বসছে মাদকের আসর এবং চলছে অনিয়ন্ত্রিত নৌ-ভ্রমণের নামে চরম বিশৃঙ্খলা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা, তীব্র গতিতে নৌকা চালানো এবং নৌকার ওপর উচ্চস্বরে গান-বাজনার কারণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দা ও সাধারণ যাত্রীদের জীবন এখন মারাত্মক হুমকির মুখে। কিছুদিন পূর্বেই অসাবধানতাবশত নৌকা থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির অকাল মৃত্যুর ঘটনা ঘটলেও, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
নৌকাগুলোতে বিশাল আকৃতির সাউন্ড সিস্টেম বসিয়ে অস্বাভাবিক উচ্চস্বরে গান বাজানো হয়, যা নদীপাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।
মাদকের অবাধ কারবার: নৌকার ভেতরেই বসছে মদ্যপান, গাঁজা এবং বিভিন্ন প্রকার মাদকের আসর। নদীর বুক ব্যবহার করে মাদকের বড় বড় চালান পারাপার করা হচ্ছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
কোনো প্রকার লাইফ জ্যাকেট বা সুরক্ষামূলক টিউব ছাড়াই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে তীব্র গতিতে চালানো হচ্ছে এসব নৌকা। সামান্য অসতর্কতায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কিছুদিন আগেই এই কাশিপুর অংশেই নৌকা থেকে পা পিছলে পানিতে পড়ে গিয়ে একজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনার পর নদী পারাপার হওয়া সাধারণ মানুষ এবং ঘাট এলাকার ব্যবসায়ীদের মনে স্থায়ী আতঙ্কের সৃষ্টি হয়েছে।
একদিকে নৌকার মাতলামি আর স্পিড, অন্যদিকে মাদকের ছড়াছড়ি।
চোখের সামনে এমন অবৈধ কর্মকাণ্ড এবং বিশৃঙ্খলা চললেও স্থানীয় প্রশাসন সম্পূর্ণ নীরব। ঘাট এলাকায় কোনো নিয়মিত টহল বা নজরদারি লক্ষ্য করা যাচ্ছে না। প্রশাসনের এই রহস্যজনক নিষ্ক্রিয়তা ও উদাসীনতা সাধারণ মানুষকে চরমভাবে হতাশ করেছে।