
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র শীতলা খোলায় প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দুধর্মাবলম্বীদের বার্ষিক সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতার পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
সকালে মন্দির প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্রের তালে তালে এবং মাথায় পূজার থালা নিয়ে ভক্তদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
দুপুর ২টায় পূজা, যজ্ঞ, ডাবের পানিতে দেবীর স্নান, সিঁদুর দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সন্ধ্যায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রদীপ প্রজ্বলন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পূজায় অংশ নিতে ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ মন্দিরে সমবেত হন। পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। ভক্তদের পারস্পরিক কুশল বিনিময়, একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ঝালকাঠি শ্রী শ্রী শীতলা খোলা ও লোকনাথ সেবা সংঘের পরিচালনায় এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার এ পূজার আয়োজন করা হয়ে থাকে।
শ্রী শ্রী শীতলা খোলা ও লোকনাথ সেবা সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, এটি ঝালকাঠি শহরের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন। দীর্ঘদিন ধরে এ পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালিত হয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।