
এম মোনতাহেরুল হক আমিন :
বাঁশখালী প্রতিনিধি।
বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দেন বিএনপির আলোচিত নেতা মোহাম্মদ লেয়াকত আলী। চট্টগ্রামের বাঁশখালী ১৬ সংসদীয় আসনে এর মধ্যেই বিএনপি থেকে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী , চারবারের এমপি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তারপর থেকেই লেয়াকত আলীর কর্মী- সমর্থকেরা বাঁশখালীতে মশাল মিছিল করে মনোনয়ন বদলানোর দাবি করে আসছে। তার পরিপ্রেক্ষিতে গত বাইশ নভেম্বর শনিবার উপজেলা সদরের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভার ডাক দেন লেয়াকত আলী। সেখানে বিপুল কর্মী সমর্থকদের সামনে নির্বাচনের পূর্বাভাষ দিলেও আজকেই চূড়ান্ত ঘোষণা দেন। ভিডিও বার্তায় লেয়াকত আলী বলেন ‘আমি কখনো সিনিয়র নেতৃবৃন্দের ড্রয়িং রুমে হাজিরা দিতাম না যে কারণে – বাংলাদেশের ড্রয়িং রুম পলিটিক্সে আমি বারবার পরাজিত হয়েছি’। তিনি বলেন ‘দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আমি একটি জনসভা ডেকেছিলাম। সে জনসভায় লক্ষ মানুষের উপস্থিতি আমাকে প্রেরণা যুগিয়েছে। আমি সেদিন নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে ঘোষণা করতে চাই, ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করব’।