
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকারকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির খবর প্রকাশ হতেই এলাকায় সুশীল সমাজের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর উপসচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সাভার ইউএনও মোঃ আবুবকর সরকারকে নতুন পদায়নের জন্য ন্যস্ত করা হলো। আগামী ৭ অক্টোবর এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। এই সময়সীমা অমান্য করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্য রূপালী বাংলাদেশকে জানান, মোঃ আবুবকর সরকার সাভার উপজেলা পরিষদ, সাভার পৌরসভাসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর ফলে তিনি এলাকায় একক আধিপত্য তৈরি করেছিলেন।
তবে অভিযোগ ছিল, তিনি প্রায়ই নিজের সিদ্ধান্তের বাইরে অন্য কারো পরামর্শ নিতেন না এবং এমনকি জনপ্রতিনিধি ও সমাজের অনেককে অপমানজনক আচরণ করতে দেখা যেত।
একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, “এ পদক্ষেপ আমাদের জন্য স্বস্তির। এলাকার উন্নয়ন এবং সুশৃঙ্খল প্রশাসনের জন্য এটি প্রয়োজনীয় ছিল। আশা করি নতুন কর্মকর্তা স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবেন।”
সাভারের প্রশাসনে এই পরিবর্তনকে এলাকার জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের মধ্যে সমন্বয়মূলক কার্যক্রম শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।