
মামুন মোল্লা , মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে হরতালের কারণে ঢাকা–খুলনা মহাসড়কের মোল্লাহাট ব্রিজ এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হরতালের পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে এ দৃশ্য চোখে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরতালের সুযোগে ব্রিজ এলাকায় কিছু ব্যক্তি ট্রাক ও বিভিন্ন পরিবহন থেকে টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এতে চালক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে উপস্থিত কিছু রাজনৈতিক কর্মীর বাধার মুখে পড়তে হয় সাংবাদিকদের।
ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ডে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হরতাল চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।