1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাভারে জমিতে প্রবেশ করে নলকূপ স্থাপনের অভিযোগ, বাধা দিলে হত্যার হুমকি।

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে গভীর সাবমারসিবল নলকূপ স্থাপন ও ঘরবাড়ি মেরামতের কাজ করছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে জমির মালিক তানিতা নাহার (৪১) ও তাঁর লোকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ সোমবার (৩১ আগস্ট) সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তানিতা নাহার। তিনি ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, সাভার থানার বড় বলিমেহের মৌজায় জে.এল. নম্বর ১৭৪-এর দাগ নম্বর ৬২-এ ১৬ শতাংশ জমি রয়েছে। জমিটির হাল এসএ খতিয়ান নম্বর ৭৮, হাল খতিয়ান ও নামজারি খতিয়ান নম্বর ৮১ এবং হাল নামজারি খতিয়ান নম্বর ১৫৩৫ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জমিটির জোত নম্বর ১১৭৭ ও ১৫৩৬। পৌরসভা হোল্ডিং নম্বর সি-৬৭/৮, ইমানদিপুর।

তানিতা নাহারের দাবি, তিনি খরিদসূত্রে ওই জমির মালিক। জমির চারপাশে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি সেখানে আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি।

অভিযোগে বলা হয়, জমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ওই বাড়ি দখলের চেষ্টা করলে তানিতা নাহার বাদী হয়ে সাভার দেওয়ানি আদালতে মামলা করেন। দেওয়ানি মোকদ্দমা নম্বর ২৭১/২০১১ পরে ১৬৫/২০২১ নম্বরে রূপান্তরিত হয়।

মামলার এক পর্যায়ে নালিশি সম্পত্তিতে প্রতিপক্ষের প্রবেশ ঠেকাতে আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়। অভিযোগকারী জানান, আদালত উভয় পক্ষ যাতে নালিশি সম্পত্তিতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

তবে তানিতা নাহারের অভিযোগ, আদালতের ওই আদেশ থাকা সত্ত্বেও গত ২৯ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁর জমির উত্তর পাশের ৮ শতাংশ অংশে প্রবেশ করে গভীর সাবমারসিবল নলকূপ স্থাপনের কাজ শুরু করে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানার পর গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে তানিতা নাহার ঘটনাস্থলে গিয়ে নলকূপ স্থাপনের বিষয়টি দেখতে পান।

আজ সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে তিনি আবার জানতে পারেন, প্রতিপক্ষের লোকজন তাঁর জমির উত্তর পাশের ৮ শতাংশ জায়গায় প্রবেশ করে আগে নির্মিত ঘরবাড়ি মেরামতের কাজ করছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি অভিযুক্ত ব্যক্তিদের ঘরবাড়ি মেরামত করতে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ সময় তিনি কাজে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছেন তানিতা নাহার। তাঁর আশঙ্কা, প্রতিপক্ষের লোকজনকে বাধা দিতে গেলে যেকোনো সময় খুন-জখমসহ শান্তিশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

লিখিত অভিযোগে শরীফুন নেসা (৬৫), শাহ আহমেদ শরীফ, শাহ আহমেদ শফী, শাহ আহমেদ শামীম, আমেনা শিরীন, আয়শা শারমীন ও আসমা হাসনীনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের ঠিকানা ঢাকার উত্তরা এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মাসুম (৩৬) ও হাসেম (৬০) নামের আরও দুজন এবং অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

তানিতা নাহার বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে কাজ করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাসউদ্দীন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park