
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মেঘারবাড়ি শাখার কয়েকজন গ্রাহকের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা ইনচার্জ এরশাদ ও মাঠকর্মী আলামিন এবং মোস্তাফিজুর রহমান মিল্লাতের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মেঘারবাড়ি শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির জামালপুর জেলা ইনচার্জ এরশাদ।
সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, মেঘারবাড়ি শাখার কয়েকজন গ্রাহক সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাঁর এবং তাঁর স্টাফদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন। এতে তাঁর ব্যক্তিগত সুনাম এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘‘মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সকল গ্রাহককে প্রতিষ্ঠানের পলিসি ও নিয়ম মেনে লেনদেন করার অনুরোধ করছি।’’
সম্প্রতি প্রকাশিত সংবাদ নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সরাসরি সংশ্লিষ্ট শাখা কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি।