
জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
০৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
ভালুকা (ময়মনসিংহ): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার বাঘরাপাড়া এলাকার এআর ফিলিং স্টেশনের কাছে আজ সকালে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আহতরা হলেন ট্রাকচালক খাইরুল ইসলাম (৪০) এবং পিকআপ আরোহী আব্দুল জলিল (৪৫)। দুজনের বাড়ি যথাক্রমে ভালুকার মাস্টারবাড়ি ও ত্রিশালের বালিপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে ভালুকার দিক থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল দুটি মালবাহী গাড়ি। এআর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পিকআপের পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপকে ধাক্কা দেয়। এতে দুটো গাড়িই দুমড়ে মুচড়ে রাস্তার উপর উল্টে যায়। ট্রাকটি আটা ও চিনি বোঝাই ছিল, অন্যদিকে পিকআপে ছিল আদা, রসুন ও পেঁয়াজ।
দুর্ঘটনার পর ট্রাকচালক খাইরুল ইসলাম গাড়ির স্টিয়ারিংয়ে আটকে যান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে। পরে আহত দুজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য দ্রুত উল্টে যাওয়া গাড়ি দুটিকে রাস্তা থেকে সরানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।