
আরিয়ান খান কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকায় দেশের বৃহত্তর ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী জমি দখল সিন্ডিকেটের তাণ্ডবে আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিনের ভোগদখলকৃত বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী শাহাব উদ্দিনের বসতভিটা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে নুরুল আজিম, জামায়াত নেতা পরিচয় দানকারী মোহসিন, মো. কাশেম ও মিজানসহ ১৫ থেকে ২০ জনের একটি চক্র। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট দুপুরে ছেলেমেয়ে বাড়িতে না থাকার সুযোগে তারা শাহাব উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় নিরীহ এক বৃদ্ধা মহিলাকে মারধর করা হয়, লণ্ডভণ্ড করা হয় ঘরবাড়ি এবং কেটে ফেলা হয় কলা ও সুপারি বাগান।
ভুক্তভোগী শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, “এই জায়গা আমার। ৩০ বছর ধরে ভোগদখলে আছি। আমাদের আর.এস খতিয়ান নম্বর ১৯৮, দাগ নম্বর ৩৫৬৮ ও ৩৫৬৯। হঠাৎ জামাত নেতা পরিচয়ে মোহসিনের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায় এবং আমাদের মেরে ফেলার হুমকি দেয়।”
এ ঘটনায় রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী পরিবার। তারা অভিযোগ করেন, হামলাকারীরা একটি প্রভাবশালী সিন্ডিকেটের সদস্য, যারা দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের দখলবাজি চালিয়ে আসছে।
অসহায় পরিবার প্রশাসনের কাছে দ্রুত জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।