
আরিয়ান খান কক্সবাজার জেলা প্রতিনিধি
ঈদগাঁও উপজেলার ইসলামপুরে পরিবহন থামিয়ে সরাসরি ইজারা আদায় বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ট্রাক মালিক এবং পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়েছে:
কোনো ট্রাক বা পরিবহন থামিয়ে ইজারা আদায় করা যাবে না।
ভবিষ্যতে মিল মালিকদের কাছ থেকে সরাসরি ইজারা সংগ্রহ করতে হবে।
লবণ বা অন্যান্য পণ্য আনলোডের সময় বোট প্রতি টোল আদায় করা যাবে, তবে পণ্যের ওপর নয়।
অভ্যন্তরীণ পণ্য পরিবহনে কোনো ধরণের টোল আদায় নিষিদ্ধ।
লবণগুদী বা ফ্যাক্টরি থেকে লবণ বিক্রির সময় বোট বা মিল পর্যায়ে টোল আদায় করা যাবে।
ইউএনও বিমল চাকমা বলেন, “সবার সম্মতিতে একটি সুষ্ঠু সমাধান হয়েছে। এখন থেকে ইজারা আদায়ের ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হবেন না।” উপস্থিত সবাই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইসলামপুরে সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।