
মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুটিচন্দ্রখানা জেলেপাড়া এলাকার সড়কটির পাশেই একটি চলালচ সড়কে দীর্ঘদিন ধরে কাদামাটি আর জমে থাকা পানিতে একাকার হয়ে ছিল। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তায় সাধারণ মানুষের দুর্ভোগ যখন চরমে, ঠিক তখন ত্রাতা হয়ে এগিয়ে এলেন স্থানীয় সমাজসেবক শাহানুর আলম।
৫নং ওয়ার্ডবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে এবং জনদুর্ভোগ লাঘবে তিনি নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। সরেজমিনে দেখা যায়, শাহানুর ভাই এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তার গর্ত ভরাট এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের কষ্টের কোনো সীমা ছিল না। কর্তৃপক্ষের দীর্ঘসূত্রতায় যখন সবাই দিশেহারা, তখন শাহানুর ভাইয়ের এই উদ্যোগ আমাদের জন্য বড় স্বস্তির খবর।
শাহানুর আলম বলেন, “৫নং ওয়ার্ড আমার এলাকা, এখানকার মানুষ আমার আপনজন। রাস্তার এই বেহাল দশায় সবার কষ্ট দেখে আমি চুপ থাকতে পারিনি। ওয়ার্ডবাসীর প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।”
তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা মনে করেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে স্থানীয় অনেক সমস্যাই সমাধান করা সম্ভব।