
জাকির হোসাইন রাজু, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
ভালুকা: রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ রোববার (৯ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। গত শনিবার সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠিচার্জের মাধ্যমে শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
এই ঘটনার প্রতিবাদে ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সংহতি প্রকাশ করে মানববন্ধন করেন। তারা জানান, দশম গ্রেডসহ তিন দফা দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এবার শহীদ মিনার থেকে সরে আসবেন না।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবিতে আন্দোলন করছেন। আজ রোববার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।