
ক্যাম্পাস প্রতিনিধি
৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে হাতীমারা হাই স্কুল এন্ড কলেজে ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি ক্যান্টিনের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিল। এই ক্যান্টিনটি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর এবং মানসম্মত খাবার নিশ্চিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিমারা হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মেহনাজ সরকার শিল্পী। তিনি ফিতা কেটে ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
ক্যান্টিনটি উদ্বোধন করা হয়েছে মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার প্রদানের লক্ষ্যে। এর আগে শিক্ষার্থীরা টিফিনের সময় বাইরে থেকে খাবার কিনে খেত, যা অনেক সময় অস্বাস্থ্যকর হতো। এখন থেকে তারা ক্যান্টিনে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার পাবে। ক্যান্টিনে বিভিন্ন ধরনের স্ন্যাকস, পানীয় এবং হালকা খাবার পাওয়া যাবে।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি মেহনাজ সরকার শিল্পী বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য স্বাস্থ্যকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যান্টিনটি সেই প্রয়োজনীয়তা পূরণে সহায়ক হবে।” তিনি আরও বলেন, ক্যান্টিনটি যেন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং খাবারের মান বজায় রাখা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।
ক্যান্টিন উদ্বোধনের পর শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। একজন শিক্ষার্থী বলেন, “আমরা খুবই খুশি যে এখন থেকে আমাদের আর বাইরে গিয়ে খাবার কিনতে হবে না। ক্যান্টিনে আমরা আমাদের পছন্দের খাবারগুলো পাব।”
এই ক্যান্টিনটি হাতীমারা হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের একটি সময়োপযোগী পদক্ষেপ। আশা করা যায়, এটি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের পড়ালেখার পাশাপাশি সুস্থ জীবনযাপনে সহায়তা করবে।