
শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলা পরিষদের আয়োজনে জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা ও সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির।
সভাটি পরিচালনা করেন জেলা পরিষদের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না।
মতবিনিময় সভায় ঝালকাঠি জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সম্ভাবনা, জনসেবা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা ও জনসেবার বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিরা মতামত তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।