
রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
হবিগঞ্জের সুপ্রাচীন সাহিত্য সংগঠন হবিগঞ্জ সাহিত্য পরিষদ–এর উদ্যোগে সংগঠনের ৩৪ বছর পূর্তি উপলক্ষে সাহিত্য ও গ্রন্থমেলা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধন ও আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর
ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, সাহিত্য সমাজকে আলোকিত করে এবং মানুষের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করে। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সাহিত্যিকবৃন্দ। তাঁরা সাহিত্যচর্চা, লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি জনাব তাহমিনা বেগম গিনি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহিদ।
আলোচনা সভা শেষে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনীর বই প্রদর্শিত হয়। পাশাপাশি লোকজ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতিকে আরও বিস্তৃত পরিসরে মানুষের মাঝে পৌঁছে দিতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।