
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত মাহিন্দ্রার চালকসহ চারজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঢাকাগামী বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ, ফায়ার ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।