
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভারের শহীদ মজনু একাডেমি মাঠে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকালে একাডেমি প্রাঙ্গণে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। কিন্তু দুঃখজনকভাবে রাষ্ট্র মানুষের সেই অধিকার নিশ্চিত করতে পারছে না। সরকারি ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে দেশের হাজারো মানুষ এখনো ন্যূনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এই সময়ে কিছু মহতী মানুষ নিজেদের উদ্যোগে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, যা নিঃসন্দেহে মানবতার জন্য একটি মহৎ কাজ।”
তিনি আরও বলেন, “আমরা যদি প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। শুধু রাজনৈতিক নেতা নয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এ কাজে এগিয়ে আসতে হবে।”
ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে শিশু ও নারী রোগ, চক্ষু রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা জটিল রোগের পরীক্ষা ও চিকিৎসা সেবা। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
স্থানীয় এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই অর্থাভাবে চিকিৎসকের কাছে যেতে পারেন না। কিন্তু এ ধরনের ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকলেই এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।