
জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
১৮ আগস্ট ২০২৫, সোমবার
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কোম্পানি আইনি প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব বলেন, তাদের মালিকানাধীন ৭৪ শতাংশ জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, ভালুকা উপজেলার ভায়াবহ মৌজায় অবস্থিত এই জমির সব কাগজপত্র, যেমন—আরওআর, বিআরএস এবং খারিজ খতিয়ান নম্বর তাদের পক্ষে বৈধ বলে প্রমাণিত।
আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব অভিযোগ করেন, একজন নারী ও তার দুই ছেলে, যারা স্থানীয় এক রাজনৈতিক নেতার মদদ পাচ্ছেন, তারা জোর করে এই জমিতে ঘর তুলছেন। তিনি বলেন, এর পেছনে মূল ইন্ধনদাতা হলেন উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী, যিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি তার ব্যবসা ও সম্মানহানির উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
ধ্রুব আরও জানান, এর আগেও তারেক উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, এমনকি বাংলাদেশ সেনাবাহিনী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছেও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, “এই ব্যক্তি আমার আরেকটি ব্যবসা, সুপ্রিম ইয়ার কন্ডিশন প্রকল্প, জোর করে কেড়ে নিয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আইনি পদক্ষেপ চাই।”
এই বিষয়গুলো নিয়ে গত ১৩ আগস্ট ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দায়ের করেছে নর্প নীট ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি এই জমি দ্রুত উদ্ধারের পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছে।
আসাদ উল্যাহ চৌধুরী বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের সব কাগজপত্র সঠিক। আমরা চাই একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সমস্যার সমাধান হোক।” তিনি এই বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সবাইকে আইনি সহায়তা প্রদানের আহ্বান জানান।