
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কৃষকদের জন্য নতুন উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর ‘খামারি অ্যাপস’ উদ্বোধন করা হয়েছে। এই অ্যাপসটির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সাহায্য পাবেন এবং সঠিক ফসল বাছাই, জমির উপযোগী সার প্রয়োগসহ নানা ধরনের পরামর্শ পাবেন। গত ৫ সেপ্টেম্বর, রোববার, সকাল ১০ টায় বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি এলাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অ্যাপসটির উদ্বোধন করেন স্থানীয় কৃষি কর্মকর্তারা।
অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে কৃষকরা নিজেদের জমির জন্য সঠিক ফসল চয়ন, সার ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর ফলে কৃষকরা কম সার ব্যবহারের মাধ্যমে আরও বেশি উৎপাদন করতে পারবেন এবং পাশাপাশি ফসলের স্বাস্থ্য ও মাটির উর্বরতা বজায় রাখতে পারবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “খামারি অ্যাপসের মাধ্যমে কৃষকরা অনেক কম সার ব্যবহার করেও অধিক ফলন পেতে সক্ষম হবেন। এতে একদিকে সারের সাশ্রয় হবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং ফসল রোগবালাই থেকে সুরক্ষিত থাকবে। এটি সরকারের বিপুল পরিমাণ সার ভর্তুকির চাপ কমাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন এবং বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
অ্যাপসটির সুবিধা সম্পর্কে স্থানীয় কৃষকরা জানান, আগে তারা প্রচলিত নিয়মে সার ব্যবহার করতেন, তবে ‘খামারি অ্যাপস’ এর পরামর্শ অনুযায়ী সার ব্যবহারে খরচ কমে গেছে এবং উৎপাদনে কোনো ঘাটতি হয়নি। বর্তমানে ১৫ হেক্টর জমিতে ৪৮ জন কৃষক এই অ্যাপসটির সুবিধা গ্রহণ করছেন।
এছাড়াও, কৃষকরা জানান যে, এই অ্যাপস ব্যবহারের ফলে তারা সঠিক সময়মতো ফসলের যত্ন নিতে পারছেন এবং ফসলের ফলন অনেক বেড়েছে।
‘খামারি অ্যাপস’ এর মাধ্যমে কৃষকদের কৃষি কার্যক্রম সহজ, সাশ্রয়ী এবং আরও লাভজনক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।