
কুমিল্লা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরীর নেতৃত্বাধীন এক চৌকস পুলিশ দল।
মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, “গ্রেপ্তারকৃত আসামি মেজর (অব.) সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”
গ্রেপ্তারের পর সোমবার (৬ অক্টোবর) সকালে মেজর (অব.) সুমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি কোর্ট পুলিশের উপপরিদর্শক জহির ইসলাম।