
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নজরুলের বিদ্রোহ, মানবতা, সাম্য, প্রেম ও দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌহিদুল ইসলাম এবং ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কুশীলব ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কালজয়ী গান ও সঙ্গীত পরিবেশিত হয়। তাঁর বহুমাত্রিক সাহিত্য ও সৃষ্টিকর্মের আলোকে আয়োজিত পরিবেশনাগুলোতে বিদ্রোহ, মানবতা, সাম্য, প্রেম ও দেশপ্রেমের চেতনা প্রাণবন্তভাবে ফুটে ওঠে।
অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল রচিত প্রহসনধর্মী নাটিকা ‘বাঙালি গানে হিন্দি’ পরিবেশিত হয়। নাটিকাসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনায় কবির সৃষ্টির বৈচিত্র্য এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, কর্ম এবং সৃষ্টিশীলতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।