
কুমিল্লা প্রতিনিধ :-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো শিক্ষার্থীরা হলেন— ফাহিম হাসান অনিক, তানভীর হোসেন নাজিম, তাহমনি আহাম্মেদ, মো. ফাহিম হোসেন ও মো. নাঈম উদ্দিন।
জানা যায়, রোববার দুর্গাপূজার ছুটি শেষে সিলেট থেকে ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন ওই নারী শিক্ষার্থী। ট্রেনটি মনতলা রেলওয়ে স্টেশনে পৌঁছালে কয়েকজন তরুণ তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। শিক্ষার্থী প্রতিবাদ জানালে তারা আরও অশালীন ভাষায় গালাগালি ও উত্ত্যক্ত করতে থাকে।
পরে ট্রেনটি শাসনগাছা রেলস্টেশনে পৌঁছালে তানভীর হোসেন নাজিম অন্যদের সহায়তায় যৌন হয়রানির উদ্দেশ্যে শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করেন। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থী কৌশলে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি টিম কুমিল্লা রেলস্টেশনে অবস্থান নিয়ে ৫ জনকে আটক করে, তবে আরও কয়েকজন পালিয়ে যায়।
ওসি মহিনুল ইসলাম বলেন, “ইভটিজিংয়ের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে। ভুক্তভোগী নারী শিক্ষার্থী বাদী হয়ে মোট ৯ জনের বিরুদ্ধে ইভটিজিং মামলা দায়ের করেছেন।”
পরে আটক পাঁচ শিক্ষার্থীকে সোমবার আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন সদর কোর্টের উপপরিদর্শক মো. জিল্লুর রহমান।