
ইব্রাহিম খলিল, রামু : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ফুলছড়ি গেইট এলাকায় নোহা গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল আজিম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টুলু মেম্বারের ছোট ভাই। তাঁর বাড়ি ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বউঘাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে ফুলছড়ি গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে নুরুল আজিম ঘটনাস্থলে মারা যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান জানান, নোহা গাড়ির ড্রাইভার মোটরসাইকেলটিকে পিছন থেকে আঘাত করে দুর্ঘটনাটি ঘটিয়েছে। তিনি জানান, এখনো ড্রাইভারকে সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের পর মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।