
আরিয়ান খান কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ভয়াবহ এক পারিবারিক ট্র্যাজেডিতে মাত্র ৪ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল হাকিম (২৫) নামের যুবক তার আপন ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা চায়। ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নুরুল হাকিম নিজের ভাতিজি ফাতেমা (৪)-কে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। নিহত ফাতেমা উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে।
রামু থানার কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ইতিমধ্যে ঘাতককে আটকে করেছে। এটি অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক একটি ঘটনা। ঘাতককের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।