
রাসেল মাহমুদ
হবিগঞ্জ প্রতিনিধি
ঐতিহাসিক ৫ আগস্টের গণ-আত্মপ্রতিরোধ ও পুলিশ হ*ত্যার অভিযোগে দায়ের করা মামলা স্থায়ীভাবে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখা। আজ রবিবার (২৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান স্বাক্ষরিত স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনের আহ্বায়ক আরিফ তালুকদার।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘটিত গণ-আত্মপ্রতিরোধ ছিল নিপীড়িত ছাত্র-জনতার ন্যায়ভিত্তিক চেতনার জাগরণ ও আত্মরক্ষার এক অনিবার্য বিস্ফোরণ। ওই দিন প্রয়াত এসআই সন্তোষ নয়জন নিরীহ নাগরিককে প্রকাশ্যে গু*লি করে হ*ত্যা এবং শতাধিককে আহ*ত করার পর ক্ষু*ব্ধ জনতা আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মনিয়োগ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, পরবর্তীতে এ প্রতিবাদকে ‘হ*ত্যাকাণ্ড’ আখ্যায়িত করে এবং পুলিশ হ*ত্যার অভিযোগ যোগ করে প্রায় দশ হাজার অজ্ঞাতনামা ছাত্র-জনতার বিরুদ্ধে 'বানোয়াট' মামলা দায়ের করা হয়, যেখানে পুলিশ নিজেই বাদী। সংগঠনটির দাবি, "এটি শুধু ইতিহাসের বিকৃতি নয়; বরং নব স্বাধীন বাংলাদেশের রক্তস্নাত শহীদদের আত্মত্যাগের বিরুদ্ধে এক চরম বিশ্বাসঘাতকতা। এ ধরনের মামলা শুধুমাত্র ভবিষ্যতের জনগণকে আত*ঙ্কিত করে দমন নীতির ছায়া বাড়িয়ে তোলে। এটি বিচারহীনতার সংস্কৃতি নয়- বিচারকে ভয়ের পাত্রে পরিণত করার এক কৌশলী প্রয়াস।"
স্মারকলিপিতে তিনটি দাবি উত্থাপন করা হয়-
১. পুলিশ হ*ত্যার অভিযোগসহ গণ-আত্মপ্রতিরোধের ঘটনায় দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে ও স্থায়ীভাবে প্রত্যাহার।
২. ৫ আগস্টের শহী*দ ও আহ*তদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন নিশ্চিতকরণ।
৩. ন্যায়সংগত প্রতিবাদকে ‘সন্ত্রা*স’ বা ‘হ*ত্যাকাণ্ড’ আখ্যায়িত করার অপপ্রয়াসের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিন্দা জ্ঞাপন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, বিষয়টিকে চিরস্থায়ী সমাধানের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।