
কুমিল্লা প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে থেকে মিছিলটি বের হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা এ ঝটিকা মিছিলে অংশ নেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তা বিঘ্নিত হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
এ ঘটনায় শনিবার রাতেই পুলিশ বাদী হয়ে এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে রাতভর কুমিল্লা সদর দক্ষিণ ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।