যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগে আজ শনিবার (৬ ডিসেম্বর) তিনজন নতুন প্রভাষক যোগদান করেছেন। এই যোগদানের মধ্য দিয়ে বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে প্রভাষক পদে নিয়োগের লক্ষ্যে গত ২০ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে তিনজন প্রার্থীকে যোগ্য বিবেচনায় প্রভাষক হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়।
নবনিযুক্ত প্রভাষকরা হলেন ডা. তোফাজ্জল হোসেন। তিনি যবিপ্রবির পিটিআর বিভাগের এমপিটি (মাস্টার অব ফিজিওথেরাপি) প্রোগ্রামের ২য় ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। অপর দুইজন হলেন ডা. আহমাদুল্লাহ হিল গালিব এবং ডা. সুমাইয়া আক্তার, যারা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ব্যাচেলর ডিগ্রির ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, নবনিযুক্ত তিনজন শিক্ষকই যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক শিক্ষার্থী। ফলে নিজ বিভাগে শিক্ষক হিসেবে ফিরে আসতে পেরে তারা বিশেষ আনন্দ ও আবেগ প্রকাশ করেন। তাদের মতে, শিক্ষার্থী জীবন থেকে যেসব মূল্যবোধ ও শিক্ষা তারা অর্জন করেছিলেন, সেগুলোকেই সামনে রেখে এখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া তাদের জন্য গর্বের।
আজ যোগদানের পরপরই বিভাগীয় উদ্যোগে নবনিযুক্ত প্রভাষকবৃন্দকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিপিএ স্টুডেন্টস' উইং অব জাস্ট ক্লাব এবং জাস্ট ফিজিও ক্লাবের পক্ষ থেকেও আলাদাভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নতুন তিনজন ফ্যাকাল্টি সদস্যকে পেয়ে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, বিভাগের সাবেক শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে যুক্ত হওয়ায় শিক্ষা কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা ও একাত্মতার প্রতিফলন ঘটবে, যা ভবিষ্যতে বিভাগকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
নবনিযুক্ত শিক্ষকবৃন্দ জানান, নিজ বিভাগে নিয়োগ পাওয়া তাদের জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। তারা বলেন, বিভাগকে একাডেমিক উৎকর্ষতার দিকে এগিয়ে নেওয়া, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং গবেষণামুখী পড়াশোনায় উৎসাহিত করাই হবে তাদের মূল লক্ষ্য। পাশাপাশি দেশের সরকারি স্বাস্থ্য খাতে ফিজিওথেরাপি সেবাকে আরও কার্যকর করতে এবং এ খাতে নতুন পদ সৃষ্টির দাবিতে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তারা। বিশেষ করে ইন্টার্ণ শিক্ষার্থীদের জন্য ইন্টার্ণভাতা প্রদানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভাগের চেয়ারম্যান ডা. এহসানোর রহমান নবনিযুক্ত শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বিভাগের সাবেক শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে ফিরে আসা বিভাগের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তাদের মেধা ও আন্তরিক প্রচেষ্টায় ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ভবিষ্যতে আরও সুনামের সঙ্গে এগিয়ে যাবে।
সর্বশেষে বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যান ডা. এহসানোর রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপন করেন। তাদের মতে, তাঁর আন্তরিক উদ্যোগ, দিকনির্দেশনা ও কার্যকর ভূমিকায় ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে দীর্ঘ প্রতীক্ষিত প্রভাষক নিয়োগ প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত হয়েছে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে বিভাগ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে