
যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেলের পরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ড. এ.এফ.এম. শাহাব উদ্দীন।
শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব অর্পণের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান (জুয়েল)-কে আইসিটি সেলের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে আইসিটি সেলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী ড. এ.এফ.এম. শাহাব উদ্দীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইসিটি সেলের পরিচালকের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে যবিপ্রবির আইসিটি সেলের কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে একাডেমিক ও প্রশাসনিক সেবার ডিজিটাল রূপান্তর, অনলাইন সেবা সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি অবকাঠামোর উন্নয়ন এবং স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নে আইসিটি সেল আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।