
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েল তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে মেলান্দহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকারিয়া আহম্মেদ জুয়েল বলেন, গত সোমবার রুপসীহাটা এলাকায় এক নারী বিয়ের দাবিতে অবস্থান নেন। পরে স্থানীয় লোকজন সেখানে গ্রাম্য সালিশের আয়োজন করে এবং তাঁকে সালিশে ডেকে নিয়ে যান।
তিনি দাবি করেন, ওই সালিশে আর্থিক লেনদেনের ঘটনা ঘটলেও সেটি তাঁর অগোচরে হয়েছে। পরবর্তীতে তাঁকে জড়িয়ে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দেওয়া হয় এবং এর ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রকাশিত সংবাদে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে জাকারিয়া আহম্মেদ জুয়েল ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।