
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খোর্দ কালনা উত্তরপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলতা বেগম খোর্দ কালনা গ্রামের মৃত সবিজের মেয়ে। তিনি খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলতা বেগম ২০১১ সালে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। পরে পরিবার ও স্থানীয়দের দাবি অনুযায়ী, এ নিয়ে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন আলতা বেগম।
প্রায় দুই বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর আবারও তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আলতা বেগম তার শাশুড়ির সঙ্গে একই ঘরে ছিলেন। শুক্রবার সকালে শাশুড়ি তাকে ডাকলে শরীর খারাপ লাগছে বলে জানান তিনি। পরে আবার শুয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জার ভ্যানে তোলা হলে পথেই তার মৃত্যু হয়।
খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, মানসিক সমস্যার কারণে আলতা বেগম অধিকাংশ সময়ই বিষণ্ন থাকতেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।