
সজিব আহমেদ
, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বসতবাড়িতে গভীর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৯ নম্বর মোড় এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের নির্মম আঘাতে বাড়ির গৃহকর্তা মোহাম্মদ আলী (৭৫) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত মোহাম্মদ আলীর বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার তছনছ করে আলীর দুই ছেলে নাজমুল ইসলাম ও সামিউল ইসলামের কক্ষ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার লুটে নেয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা মোহাম্মদ আলীর মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে মারাত্মক রক্তাক্ত জখম হয়।
পরবর্তী সময়ে স্বজন ও প্রতিবেশীরা আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর ছোট ছেলে সামিউল ইসলাম স্থানীয় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ঘটনার পর থেকে আহত বৃদ্ধ মোহাম্মদ আলী মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পরিবারটি গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারটির পক্ষ থেকে লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।