মোঃ আব্দুর রহিম
গাজীপুর -১ আসনে বিএনপির প্রার্থী মো: মজিবুর রহমানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দল থেকে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী। বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার ট্রাক ষ্ট্যান্ড এলাকায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, গাজীপুর -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. হুমায়ূন কবির খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইলেও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য , সাবেক মেয়র মো:মজিবুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। কেন্দ্রীয় এই সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি নাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কাজ করছেন।
তিনি আরও বলেন, নির্বাচনোত্তর দেশ পরিচালনার লক্ষ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছেন। এগুলো বাস্তবায়ন ছাড়াও সংসদ সদস্য নির্বাচিত হলে মজিবুর রহমান ভোটার ও এলাকার উন্নয়নে ২৬ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গাজীপুর -১ আসনের বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান।
এসময় সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।