
মামুন মোল্লা, মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার সব উপজেলা কার্যালয়েও অবস্থান ধর্মঘট চলছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিসি অফিস ও আদালত অবরোধ কর্মসূচি থেকে হরতাল কর্মসূচিতে আংশিক শিথিলতার ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।
কমিটির নেতা এম এ সালাম জানান, জনগণের দুর্ভোগ বিবেচনায় পূর্ব ঘোষিত তিন দিনের হরতালে পরিবর্তন আনা হয়েছে। সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করা হবে, তবে দোকানপাট খোলা থাকবে।
তিনি আরও বলেন, “হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল-অবরোধ চলবে। এ সময় কেবল মহাসড়ক অবরোধ থাকবে, ইউনিয়ন ও অভ্যন্তরীণ সড়ক খোলা থাকবে।”
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস জানান, জরুরি সেবার যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতাল-অবরোধের বাইরে থাকবে।