
রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে কোকদন্ডী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডে জমাকৃত টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর প্রধান বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
গ্রাহকরা বলেন,আমরা আমাদের জমাকৃত অর্থের সঠিক হিসাব, স্বচ্ছ তদন্ত এবং অবিলম্বে সম্পূর্ণ টাকা ফেরতের জোর দাবি জানাচ্ছি। এটি আমাদের ন্যায্য অধিকার, এবং অধিকার আদায়ে আমরা শেষ পর্যন্ত অনড় থাকবো।
তারা জানান, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, আমানতকারীদের টাকা ফেরত নিশ্চিত করা, কারণ সমবায় সমিতির অনুমোদন ছিল, অনুমোদন ছাড়া কখনো সমিতি চলতে পারে না, তাই ওই সমিতির সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
ভুক্তভোগীরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,যদি দ্রুত আমাদের দাবি পূরণ না করা হয়,তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবো। প্রয়োজনে বাঁশখালী প্রধান সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অর্থ ফেরত না পেয়ে চরম উদ্বেগে গ্রাহকরা
ভুক্তভোগীরা আরো বলেন,
বর্তমান সময়ের কঠিন বাস্তবতায় পরিবারের নিত্যপ্রয়োজন মেটানোই যেখানে কঠিন, সেখানে খেয়ে না খেয়ে কষ্টার্জিত আয় থেকে আমরা অল্প অল্প করে যে সঞ্চয় করেছি—সেই অর্থই আস্থার প্রতীক হিসেবে সমবায় সমিতিতে জমা দিয়েছিলাম। কিন্তু আজ সেই টাকাই যদি আত্মসাৎ হয় বা ফেরত না আসে, তবে সাধারণ মানুষের এনজিও ও সমবায় সংগঠনের ওপর বিশ্বাস মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে।
তাদের মতে, বিষয়টি শুধু আর্থিক ক্ষতি নয়; বরং মানুষের বিশ্বাস, নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর সরাসরি আঘাত।