
জসিম উদ্দিন কক্সবাজার
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা বিধান এবং চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিকতায়, ফেনীর আলোচিত চারজন চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল।
র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ ঘটনার মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১৭:০০ ঘটিকা উক্ত স্থানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি মিন্টু (২৫), পিতা: আবুল হাশেম, গ্রাম- রঙ্গীখালী, জুম্মা পাড়া, ওয়ার্ড নং-০৭, হ্নীলা ইউনিয়ন পরিষদ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরি সংক্রান্ত অপরাধের একটি মামলা রয়েছে। সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং অন্যান্য জড়িতদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।