
মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় আবারও জোয়ারের পানিতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। রবিবার সকালে সৈকতের গঙ্গামতি পয়েন্টে মৃত অবস্থায় ডলফিনটিকে দেখতে পান ট্যুর গাইড এ্যাসোসিয়শনের সদস্যরা। এটি ভেসে এসে বালুতে আটকা পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
পরে বন বিভাগ এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সমন্বয়ে ডলফিনটিকে মাটি চাঁপা দেওয়া হয়।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন'র (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, সকালে জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ধারণা করা যাচ্ছে এ কারণেই সমুদ্রের ঢেউয়ের সাথে তীরে ভেসে আসে ডলফিনটি।
এটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে। দুর্গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না। ৪/৫ দিন আগে মারা গেছে বলে স্থানীয়রা ধারনা করছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল হক বলেন, শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কা, আবার কেউ বলছেন মাইক্রোপ্লাস্টিক দায়ী। কিন্তু এসবই অনুমান। বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
মহিপুর বনবিভাগের কুয়াকাটা বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কিছুদিন পর পর এসব মৃত ডলফিনের দেখা মেলে। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।