
জুলহাজ খাঁন নওগাঁ
নওগাঁর মহাদেবপুর উপজেলার শরীফপুর গ্রামে১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে দুপুরে কিশোরীর বাবা-মা পাশের গ্রামের মাঠে ধান কাটতে যান। এ সময় কিশোরী বাড়িতে একা ছিল। অভিযোগ রয়েছে, প্রতিবেশী গোবিন্দ পাহান তাকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
পরে বাবা-মা বাড়িতে ফিরেএলে ভুক্তভোগী কিশোরী মাকে ঘটনাটি জানায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ২৫ মে কিশোরীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৬ মে অভিযুক্ত গোবিন্দ পাহানকে আটক করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এজাহারভুক্ত আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।